বাংলাদেশে জাপান দূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৮.০৯.২০২৬ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাপান ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি দর্শনার্থীদের জাপানের বৈচিত্র্যময় ও সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

সাত বছর পর প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের (প্রতিমন্ত্রী) মাননীয় মন্ত্রী হে. এ. নাইতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দর্শনার্থীরা জাপানের ঐতিহ্যবাহী ও সমকালীন সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে জাপানের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কারাতে ও কেনদো প্রদর্শন করা হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল জাপানি গায়কদ্বয় বাজনা বিট-এর সরাসরি সংগীত পরিবেশনা। তারা বাংলাদেশি শিল্পীদের সঙ্গে যৌথভাবে সংগীত পরিবেশন করে উৎসবের সাংস্কৃতিক বিনিময়কে আরও প্রাণবন্ত করে তোলেন। পরে ঐতিহ্যবাহী জাপানি নৃত্যশিল্পী মি. সেনজু এইনোজো-এর মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

উৎসবস্থলে দর্শনার্থীদের জন্য জাপানি সংস্কৃতির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ারও সুযোগ ছিল। এর মধ্যে ছিল চাকুরীর যোগাযোগ, ভাষা শিক্ষা, ঐতিহ্যবাহী জাপানি পোষাক পরিধান এবং অন্যান্য জাপানি সাংস্কৃতিক কার্যক্রম। পাশাপাশি বনসাই ও ইকেবানাসহ জাপানের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনীও ছিল।

জাপান দূতাবাসের একজন শেফের প্রস্তুত করা বিভিন্ন জাপানি খাবারও দর্শনার্থীরা উপভোগ করেন। এছাড়া শিক্ষার্থীরা জাপানে উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে পরামর্শদাতাদের কাছ থেকে তথ্য নেওয়ার সুযোগ পান।

সাত বছর পর জাপান ফেস্টিভ্যালের পুনরায় আয়োজন বাংলাদেশ ও জাপানের সাংস্কৃতিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করার একটি সুযোগ তৈরি করেছে। উৎসবটির মাধ্যমে বাংলাদেশের মানুষ জাপানের ঐতিহ্য, শিল্প, সংগীত, নৃত্য, খাবার এবং সমকালীন সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে সরাসরি জানার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছেন।